কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে সফল উদ্ধার অভিযান
ঢাকা, ০২ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার):
গত ৩০ সেপ্টেম্বর রাতে আকস্মিক ঝড়ো হাওয়ার কারণে রাঙামাটির লংগদু উপজেলার বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পাওয়া মাত্র মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
এ ঘটনায় মোট ৫ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপ ও অক্লান্ত প্রচেষ্টার ফলে সেই রাতেই ২ জনকে জীবিত উদ্ধার করা হয় এবং একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরদিন সকালে আরও ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
একই রাতে নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরেকটি নৌকা দুর্ঘটনায় পড়ে। নৌকাটিতে থাকা ৬ জন যাত্রীর মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নামে দুই যুবক নিখোঁজ রয়েছেন। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নৌকাটি উদ্ধার করলেও এখনো তাদের সন্ধান মেলেনি। নিখোঁজ দুই জনকে উদ্ধারে সেনাবাহিনীর ডুবুরি দল ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছে।
এই দুর্ঘটনায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়েছে। নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে সেনাবাহিনী সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।

0 মন্তব্যসমূহ
“আমাদের ব্লগে মন্তব্য করার জন্য ধন্যবাদ! দয়া করে আপনার মতামত শেয়ার করুন এবং বিনম্রভাবে অন্যদের সঙ্গে আলোচনায় অংশ নিন।”