Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ঝালকাঠিতে তিন বাড়িতে চুরি, ধাওয়া করে এক চোর আটক — গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ

ঝালকাঠিতে তিন বাড়িতে চুরি, ধাওয়া করে এক চোর আটক — গণধোলাইয়ের পর পুলিশের হাতে সোপর্দ
ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম নৈকাঠি গ্রামে একই রাতে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তবে চুরি শেষে পালানোর সময় এলাকাবাসীর ধাওয়ায় এক চোর ধরা পড়ে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সোমবার (৬ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আল-আমিন (৩০)। তিনি পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাশা এলাকার আনোয়ার শেখের ছেলে। চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়লে তাকে গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হয়। পরে পুলিশ আহত অবস্থায় তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্থানীয় বাসিন্দা মজিবর রহমান জানান, “রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ঘরের ভিতর অস্বাভাবিক শব্দ পেয়ে আমি জেগে উঠি। তখন দেখি কয়েকজন লোক ঘোরাফেরা করছে। চিৎকার দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। আমরা ধাওয়া দিয়ে একজনকে ধানক্ষেতে ধরে ফেলি। পরে তাকে রাস্তায় নিয়ে আসলে উত্তেজিত জনতা গণধোলাই দেয়।” তিনি আরও বলেন, “পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই চোরকে আমাদের কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।” অন্যদিকে, ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোজাম্মেল হোসেন তালুকদার জানান, “সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরে স্প্রে ছিটিয়ে সবাইকে অজ্ঞান করে দেয় চোরেরা। পরে আলমারি ও ড্রয়ার ভেঙে ৪ ভরি স্বর্ণালঙ্কার, প্রায় অর্ধলক্ষ টাকা নগদ ও কয়েকটি মোবাইল ফোনসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়।” তিনি আরও বলেন, “চোরেরা এরপর আরেকটি বাড়িতে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দেয়। তখন এক জন ধরা পড়ে।” এ বিষয়ে রাজাপুর থানার এএসআই কালাম বলেন, “ভোরে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই এক যুবককে স্থানীয়রা অবরুদ্ধ করে রেখেছে। আমরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করি।” পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি সংঘবদ্ধ চোর চক্র এই চুরির সঙ্গে জড়িত। তারা এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকতে পারে। আটক আল-আমিনকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। এদিকে, ঘটনার পর থেকে পশ্চিম নৈকাঠি এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। রাতের বেলা গ্রামজুড়ে পাহারা দিচ্ছে স্থানীয় যুবকরা। স্থানীয়রা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে এলাকায় ছোটখাটো চুরির ঘটনা বেড়ে গেছে। পুলিশ টহল জোরদার না করায় চোরচক্রের দৌরাত্ম্য বেড়ে যাচ্ছে। রাজাপুর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নতুন সংবাদ পেতে চোখ রাখুন jhalokhati news

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ